Friday, January 19, 2018

The other side

As one mystery unfolds another resurrects and this is how the drama of life keeps on amazing us with its twists and turns. Its already the dusk, the night approaching and so as the train, towards its destination, running, galloping, smearing its tiny little existence over the iron tracks of irony mocking at its own parallelism.

The clouds are all over the sky now, droplets of water are forming and gliding over one side of the haze window glasses. Eyes peeping through, towards the approaching murky, cloudy night, are somehow delighted by the contrast with the nonchalance of the inside. Moving and trickling little fingers of innocence all over the window glasses writing some abstract story of the two sides of the glass, so close yet so far, so much in touch yet so different. With time, as the night approaches, as the clouds dense up, as the lights lit up all along the train, the differences keep on increasing, diverging in volume as the night gets more and more darker. The peeping eyes are slowly stepping into the trap of drowsiness, ignoring the diverging contrast of the two sides of the window glass. The abstract scribblings slowly evaporates, the lights slowly gets turned off, and slowly but steadily the differences start getting wiped out. As the morning approaches, the sunshine kisses the other side of the glass, the warmth spreads over the whole glass, the whole window, the whole train, the whole drama of life. 

The train stops, the peeping eyes of the inside get off the train and walk away, what remain are the two sides of the window, with each other, making each other feel their existence, differences, togetherness, getting ready for another hell of a journey of differences.

Wednesday, November 1, 2017

আশ্রয়

বয়ে চলা সময়ে স্নান সেরে, সাফ, পরিপাটি,
বালি ঝরা পাড় বেয়ে সাবধানে পা টিপে হাঁটি।
এজলাসে গলা ছাড়ে মালকোষ ভাটিয়ালি গান,
রোদে ছ্যাঁক করে ওঠে ঘুমন্ত মান অভিমান।
কপিবুক মাঝমাঠে, গ্যালারিতে রমরমে আর্ট,
সারা শীত পার হোলো গায়ে দিয়ে তোর দেওয়া শার্ট।

Thursday, July 27, 2017

নস্টালজিয়া

বেঁচে থাকা মুহুর্তরা, ফেলে আসা সময়ের কাছে ঋণী,
তুমি আমায় ভুলে গেলেও, আমি কিন্তু আজও তোমায় চিনি।
 
সেই ক্লাসরুম কথা কয়, ভয়, অনুভূতি, স্পন্দন, নিশ্বাসে,
কত স্বপ্ন ভাঙে গড়ে, সেই পথ ধরে, কত যায় কত আসে।
 
বারান্দায় উঁকি মেরে যায় আজও রোদ্দুর, বর্ষার জল, কাক,
ছুটতে থাকা সময় নাহয় আরও কিছুদিন আমার কাছে থাক।
 
কত সময় ঢাকা পড়ে আছে, চারিদিকে, দেওয়ালে দেওয়ালে,
শীত গ্রীষ্ম বর্ষা শরৎ, আজও জেগে ওঠে আঙুল ছোঁয়ালে।

Saturday, July 8, 2017

মড়ক

সারাদিন ধরে টুপুরটাপুর, চিনচিন করে পা,
ফ্যানের হাওয়ায়, মাথা ঘুরে যায়, বোধয় দুর্বলতা।
শুনি কানাঘুষো, আর পোস্ট করা যাবে না ফেসবুকে,
ধর্মের মাছি, ছুটে আসে পচা সমাজের গন্ধ শুঁকে।


কাদা কিচকিচ, জমা জলে মসা, মাছি, নোংরা সড়ক,
জলে ভিজে জ্বর, বমি রাতভর, কলেরা, বুঝি মড়ক,
আমি সমাজ, আমার খবর কখনো রাখেনি কেউ,
আধ ক্রোস দূরে, নিরব ভুতুড়ে গ্রামে নাকি কারফিউ!

Saturday, June 3, 2017

হাইলি অপিনিয়নেটেড

একটু বাজার গেছিলাম, বরফঢাকা শক্ত নোনা মাছ আর আড়ৎপচা সবজি হেব্বি সস্তায় পেয়েছি, জমিয়ে ভুরিভোজ হবে আজ। না এর চেয়ে দামি আর তো কিছু দেখলাম না বাজারে, লোকজনের ওপিনিয়ন ছাড়া। হ্যাঁ ঐতো রেডিও চালিয়ে তাসের বান্ডিল নিয়ে বসে যারা একহাতে মাছি মারছে আর আরেক হাতে পাছা চুলকোচ্ছে, তাদের জন্য নাকি বাজারে নতুন কিসব আসছে। কে যেন বলছিলো দুজনের সংসারে এমনিতেই খাওয়া জোটে না, এরপর আবার নেশা করে বৌয়ের গায়ে হাতও তোলা যাবে না। বাইচান্স যদি কান্নাকাটি করে ফ্যালে অমনি দুজন থেকে তিনজন থেকে চারজন এভাবে বাড়তে থাকবে সংসার। পাশ দিয়ে যেতে যেতে যেটুকু বুঝলাম, ওরা যারা সংসারের জন্য গরুর মতো খাটছে তাদের জন্য বীফ ব্যান এর মতো সুখবর আছে। তাই আমাদের মতো ছাগলদেরও একটা প্রশ্ন আছে, কোন কোর্টে এফিডেভিট করে ছাগল থেকে গরু হওয়া যায় যদি একটু বলতে পারেন খুব খুব খুব সুবিধে হয়।

উফফ, দুপুরের ভুরিভোজের পর শেষ পাতে আরেকগুচ্ছ টক ঝাল মিষ্টি ওপিনিয়ন হলে মন্দ হয়না। গাছের ছায়ায় দড়ির তাকিয়ে ফেলে রেডিওটা চালাতেই ঢিঞ্চকপূজার গান শুনে মন টা জুড়িয়ে গেল। ব্যাস অমনি ঢিঞ্চকপূজার নাম শুনে তোমাদের মতো উড়নচন্ডী জ্ঞানীগুণীরা নিশ্চই দাঁতে আঙ্গুল চেবাচ্ছো আর ভাবছো, কি চয়েস রে বাবা। বুক ফুলিয়ে বলতে পারি 'ইটস মাহহ চয়েস'। সবাই তো আর সোনু নিগম হতে পারে না, কিন্তু তা বলে কি গান গাইবে না! সুতরাং ঢিঞ্চকপূজার গান যদি কারুর সকালের অ্যালার্ম টোন কিংবা রাতে ঘুমোতে যাওয়ার সঙ্গী হয়, তাতে রোদ্দুর রায়ের পাকা দাড়িতে একটিও আঁচড় পড়ার কথা নয়! খামোখা তোমরা নিজেদের ভাব ধারণার বাগানে হিরো আলম এর মতো সৃষ্টিশীল মানুষদের টেনে এনে তাদের ভাবমূর্তিকে হেয় করো। তুমি ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল প্রেমী হতে পারো, তা বলে কি কমলেশ্বর মুখোপাধ্যায়, বিভূতিভূষণের ভুলটা শুধরে দিয়ে নিজের ছোটবেলার বুনিপ দেখার ইচ্ছেটা চাঁদের পাহাড়ে পূরণ করতে পারবেন না! এটা কাঁহাকার ইনসাফ। হাজার হাজার মিমিক্রি আর্টিস্টের ন্যাকামি, তোতলামি দেখে তোমরা হেসে লুটোপুটি খাবে, ইরফান আর নওয়াজুদ্দিন এর অভিনয় দেখে 'ন্যাচারাল ন্যাচারাল' বলে চিৎকার করবে, অথচ দেবের ন্যাচারাল তোতলামি তোমাদের চক্ষুশূল। এসব তো আর মেনে নেওয়া যায় না। দেশ বিদেশের সমস্ত ছবি দেখার, গান শোনার অবকাশ কারই বা আছে বলতো। প্রীতম এর মিউসিক আর রাজ্ চক্কোত্তির মুভির যুগলবন্দী যে দেশ কাল সংস্কৃতির সীমানা মিটিয়ে দিচ্ছে তার জন্য একটু দাঁড়িয়ে সম্মান জানাতেও কি পারো না!

সেই চরকির মতো ঘুরতে ঘুরতে সূর্যটা ঈশানকোণে গিয়ে বসেছে, তাতে কি কেও আপত্তি করেছে! অথচ ইংল্যান্ড-এ খেলতে গিয়ে বিরাট কোহলি অনুষ্কার সাথে ঘুরলে তোমাদের আপত্তি, তোমাদের আপ্লিকেশন লেটারটা টেবিলে টেবিলে ঘুরলে তোমাদের আপত্তি, ভোটের চাকা ডান থেকে বাঁয়ে কিংবা বাম থেকে ডায়ে ঘুরলে তোমাদের আপত্তি, দেশের প্রধানমন্ত্রী বিদেশ বিভুঁই ঘুরলে তোমাদের আপত্তি, এমনকি ইন্টারনেট এক্সপ্লোরার এর আইকন টা ঘুরলেও তোমাদের সহ্য হয় না। ইনটলারেন্স নয়তো আর কি ই বা বলা যায় শুনি। বছর ঘুরলে যখন জিও এর অফার টা শেষ হয়ে যাবে, তখন যদি তোমাদের সম্বিৎ ফেরে। তারপর আম্বানি প্রবাসী হলে গোলগোল চোখ করে প্রশ্ন করো না যে আমাদের ট্যাঁকের টাকা গুলো গেলো কোথায়।

হাজার হাজার ওপিনিয়ন এর রমরমা তোমাদের মধ্যে। ঢাক ঢোল পেটানো থেকে শুরু করে, লাঠি সোটা দিয়ে পেটানো অবধি কিছুই বাকি রাখছো না তোমরা তোমাদের ওপিনিয়ন এর প্রচারে আর প্রসারে। অথচ একটু ড্রিংক করে দেশের মাটি ছেড়ে হাওয়ায় কপিল শর্মা নিজের মতামত রাখলেই গোলযোগ। সোনু নিগম টুইট করলে তার ওপর চর্চা, ফতোয়া। কে.আর.কে. এর টুইট এর পর টুইট কে নিয়ে হাসি ঠাট্টা, এমনকি অভিজিৎ ভট্টাচার্য্য কে তো ব্লকই করে দেওয়া হলো। কেন তোমরা বাহুবলি টু দেখতে ব্যস্ত বলে কি কেও নিজেদের মতামতও রাখতে পারেনা! কাটাপ্পা বাহুবলি কে কেন মারলো জানার জন্য বছর খানেক অপেক্ষা করতে পারো, হাজার হাজার কোটি টাকা ঢালতে পারো অথচ টেট এর পরীক্ষার ফল জানতে লাখ খানেকেও আপত্তি। বলি দেশের ভবিষ্যৎ কার হাতে, শিক্ষকদের নাকি রাজামৌলীর!

 নাহ আর পারছি না বাপু। সন্ধ্যে হয়েছে, গরু টাকে গোয়ালের খুঁটোয় বেঁধে দুটো খড়কুটো দিয়ে আসি নাহলে আবার কাল সকালে দুধ পাবো না, শুধু জল তো আর ব্যাচা যায় না। ভাগ্গিস গরুগুলো লিখতে পড়তে পারে না, নাহলে গরুগুলো হাল চষতে না চাইলে আমাদেরও আত্মহত্যা করা ছাড়া উপায় থাকতো না। স্বাক্ষরতা মিশনের আওতায় গরুগুলো আসার আগে একটা দালান ঘর, দেরাজ ভর্তি কাঁচা টাকা, দু একটা গাড়ি, আর একটা পলিটিকাল পার্টির টিকিট কেটে ফেলতে পারলেই কেল্লা ফতে। তোমরা থাকো তোমাদের ওপিনিয়ন নিয়ে, আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, নাকি। নসবন্দী করে সংসারে লোকসংখ্যা টা কমে গেলো, এখন নোটবন্দির দৌলতে ব্যাংকে লাইন দেবে কে শুনি। শ্বাসবন্দি হওয়ার আগে আরেকদিন যদি বরফঢাকা শক্ত নোনা মাছ আর আড়ৎপচা সবজির ভুরিভোজ টা হয়ে যায় মন্দ কি।

Thursday, May 4, 2017

আকাশবাণী

আকাশে বাতাসে, জোট বেঁধে আছে, ধোঁয়ায় কালো আজ চারিদিক,
পোড়া কঙ্কালে, জোরে ধমকালে, লাল হয়ে ওঠে বায়োপিক।
শ্লেষ মাখা গায়ে, যদি মন চায়, ঝাঁপ দিয়ো ঘন বর্ষায়,
মুখ- কালো দাগ, গনগনে রাগ, ফেলে রেখে এসো দরজায়।


নিভু নিভু টুনি, মন্দ্রাতেও শুনি, লাল কালো মেখে অভিমান,
পিলে চমকায়, কাঁপে শঙ্কায়, তাও যদি সময়ে ফেরে জ্ঞান।
বিবর্তনের চাকা, থামেনি এখনো, আজও নাব্য পুরানো বন্দর, 
কেটে ফ্যালো লেজ, নাহলে সতেজ আজো লংকার বুকে সুন্দর।

কথা কথা প্রেম, এক ঝাঁক পাখি, ছেঁড়া ছেঁড়া মেঘ, বেড়ায় ঘুরে,
খোলা ব্যালকনি, ঝাপসা চাহনি, সন্ধ্যা নামছে আকাশ জুড়ে।
সোঁদা সোঁদা ঘ্রান, ভেজা ভেজা মাটি, লোডশেডিং এ ছন্দপতন,
জানলার পাশে, গান ভেসে আসে, ঘন লিমেরিক- ঠিক তোমার মতন।

Tuesday, April 18, 2017

স্পেসাল অফার

বকলমে দুকলম আচঁড় কেটেছে চিন্তাগুলো ক্যানভাসে,
ট্রাফিক আইন, মানছো কি না, হুলস্থুল এজলাসে।
পেশাদার তুমি, তোমায় নিয়েই দিবারাত্রির কাব্যি হোক,
নর্দমা ঘেঁটে, কাদা পাঁক মেখে, নাচছে তোমার পাড়ার লোক।
চিড় ধরেছে, রক্তে রন্ধ্রে, কশেরুকায়, অস্থি মজ্জায়, গ্রে সেলে,
আপাদমস্তক উই ধরেছে, ভাটা পড়েছে আক্কেলে।
 
না, আমি দুধ কলা মাখি, কালসাপ পুষি না,
শিরদাঁড়া ভেঙে, খিদের চোটে আঙুল চুষি না।
কলপ কালো চুলের আড়ালে বদন ঢাকে যারা,
লাইফটাইম গ্যারান্টি সহ, পোর্টেবল, ল্যামিনেটেড শিরদাঁড়া।
স্পেসাল অফার, ভিড় জমেছে, বিগ বাজারে, শপার্স স্টপে, ফুটপাতে,
সরীসৃপের জাত চেনা যায় ছোবল মারা বিষদাঁতে।

তুমি আশাবাদি

তুমি আশাবাদি,তোমার চোখে দূরে মিশে যায় সমান্তরাল,
আমি বাস্তব,আমার আপেলে আজও বাস করে কীট,
তুমি ভাবো তাই সবাই মানুষ,সবাই সমান, রক্তে লাল,
আমি চিনি বাইবেল কুরান গীতা, বাকি সব বুলশিট।


তুমি আশাবাদি, তোমার চোখে বৃষ্টি মাখা মাটিতে প্রেম,
আমি বাস্তব, আমার পথ, পিছল প্যাচপ্যাচে জলকাদা,
তুমি ভাবো তাই সবাই মানুষ, সবাই সমান, ভাই বেহেন,
আমি তোমায় ভাবি চাকর শ্রমিক, আর আমি নবাবজাদা।

তুই আশাবাদি, তোর চোখে আজও বেচেঁ আছে ভবিষ্যৎ!
আমি বাস্তব আমার কাছে বর্তমানই শেষ কথা,
তুই তাও আজও স্বপ্ন সাজাস, এত বড় তোর হিম্মত!
তোর জন্য কবর খোঁড়া, তোর জন্য আজ নীরবতা।

Wednesday, March 29, 2017

তোমার যদি সময় থাকে

মিনিট সেকেন্ড ঘন্টা দিয়ে যাদের সময় যাচ্ছে কেনা,
হাতঘড়িতে জীবন মেপেও প্রাণ ব্যাঙ্কে অঢেল দেনা।
একটা আকাশ পোষ মানাবো তোমার যদি সময় থাকে,
একটা জীবন লুকিয়ে আছে দশটা পাঁচটা কাজের ফাঁকে।


মেঘের চোখে জল জমেছে, গাল ফুলিয়ে বর্ষা নামে,
আজও সময় থমকে আছে টাইম কলের ট্রাফিক জ্যামে।
তোমার যদি সময় থাকে, একটা মেঘের বুকিং আছে,
খোলা মাঠে দাঁড়িয়ে থেকো, প্রেম পাঠাবো তোমার কাছে।

ষোলো আনার আইস্ক্রিম, আট আনার টুকরো হাসি,
চলো দুটো পেখম কিনে বিশ্বজগত ঘুরে আসি।
একটা দুপুর যাচ্ছে কেনা জমাপুজিঁর দুটাকাতে,
তোমার যদি সময় থাকে সব বর্ষা এক ছাতাতে।

Friday, March 24, 2017

আরো একদল শ্রীজাত হোক

গুন্টুর থেকে একডালিয়া রাস্তা ভর্তি কুরআন গীতা,
ধসের চাকায় প্রাণ দিয়ে যায়, লজ্জা শরম, আর পতিতা।
শিল্প হালিম, সহজপাচ্য হতেই হবে, নইলে জবাই,
কুঠার হাতে, তাসলিমা আর শ্রীজাতরা, আর সাথে আমরা সবাই।

ব্যাপারটা সহজ বড়, সকাল সন্ধ্যা দুপুর বিকাল,
যাই ঘটছে, যাই রটছে, সবই পিওর পলিটিকাল।
স্পিরিট লেভেলে ফারাক বড়, সহনশীল বা প্রতিবাদী,
পলিটিক্সের নোংরা জলে মুখ ধুয়ে যায় নবাবজাদি।
ধর্ম জাতি, জন লোকপাল, রিসারভেশন, কালো টাকা,
সাক্ষি আছে অঢেল সময়, সব ঘড়ারই শব্দ বেশি, ভেতর ফাঁকা,
সেই জোচ্চুরি, সেই রাহাজানি, সেই ক্ষমতার দখলদারি,
কেও কার্ল মার্ক্স কেও লেনিন, আদতে সিঁধ কাটা চোর, ভোট ব্যাপারি।
সমস্যাটা অন্যখানে, আমরা সবাই সব জানি,
কার হাতে খড়্গ কৃপাণ, কেই বা খুনি কে আসামি,
অনেক হয়েছে ঘরের কোণে, খাবার টেবিলে, ভন্ডামি শোক,
অ্যাপলিটিকাল শব্দ বেছে, সাংবিধানিক মাপকাঠিতে, আরো একদল শ্রীজাত হোক।

Tuesday, February 14, 2017

ভ্যালেন্টাইন

দু টুকরো সিক্ত চোখে,
সুগন্ধি তোর প্রেম, বিনাইন,
নিভু নিভু রাতে, আলোয় মাতে,
স্পর্শকাতর ভ্যালেন্টাইন।


দুকলমে প্রেম প্রস্তাব,
কাগজের বুকে হাজার জখম,
সোডা আর পেগে, রাত্রি জেগে,
স্বপ্নগুলো হরেকরকম।

দু হাত খুলে বক্ষে ডাকি,
রক্তে রন্ধ্রে তোর পরিণাম,
এক নিমেষে, হাওয়ায় মেশে,
প্রেম বিরহের যুদ্ধ বিরাম।

Friday, January 13, 2017

থার্মোমিটার

সন্ধ্যা হোলে আকাশ ভেঙে বৃষ্টি নামে,
দিনের ধকল, জমাট বাঁধা রক্ত ঘামে,
গলতে থাকে, মার্স জুপিটার।

কথার ওপর জমতে থাকা কথার চাপে,
জামার ভেতর গুটিয়ে থাকা সোহাগ মাপে,
স্পর্শকাতর, থার্মোমিটার।

লোডশেডিং এর অন্ধকারে বাড়ছে মড়ক,
বসছে মাছি, নর্দমা আর নোংরা সড়ক,
তৈরি থেকো, ইনকিউবেটর।

Monday, January 9, 2017

রেনেসাঁ

মাকড়সা জাল বোনে, মরচে পড়ে,
খোদাই করে তুঁতে,
ক্ষুধার শিশু রাস্তাঘাটে, নয়ন ঝরায়,
'বিরাম অস্ফুটে। 

চলদস্তুর মাপকাঠিতে স্তব্ধ বিতান,
পরমক্ষনে কাতর ফিসফিস,
দাসত্বের গালিচা ফুঁড়ে, জন্ম নিলো
রেনেসাঁ, হেরো -- ইলতুৎমিস !

Saturday, December 31, 2016

হাঁসজারু

গুপ্ত যুগে সুপ্ত ছিল যেসব জামা,
বাজারদরের আর্লি কাটে তাদের নামা।
পোকাধরা ময়লা পড়া জংলি হাটে,
লজ্জা শরম বিকিয়ে যারা আজ প্রভাতে,
রাস্তা নিলো, সস্তা ছিল তাদের হাসি,
কেও ডাক্তার, কেও প্রফেসার, কেও প্রবাসী।
শহরজুড়ে ঠান্ডাগরম নামার আগে,
মানিয়ে নেওয়া রেনেসাঁসের দুর্বিপাকে,
যে জনগন, তাদের জন্য রইল আশা,
শীতের সকাল, ধুম্র ঘন রোদ কুয়াশা।

Sunday, December 25, 2016

বাকিটা ব্যাক্তিগত

সে দিনটা ছিল বেপরোয়া,
আলিঙ্গনে আড়মোড়া ভাঙা স্তবকের ভেসে বেড়ানোর স্মৃতি,
দুপুরের মিঠেকড়া রোদে শুকনো হতে থাকা কড়াপাকের হাসি,
আলতো কিছু আবদারে মাখা, স্পর্শে ভেজা মুহূর্ত,
সব এখনও তাজা। 


বোলপুরের লাল মাটি, লবণহ্রদের সবুজ মেরুন যেখানে এক হয়,
সেই পথ ধরে অরও কিছুটা, টলমল করা সময়ের হাত ধরে,
কিছুটা কানে ফিসফিস, বাকিটা আঙ্গুলে আঙ্গুল রেখে,
স্পন্দনে স্পন্দনে, আকাশ কুসুম।

লেনদেন ছিল, চাওয়া পাওয়া ছিল,
ছিল অনেক আটপৌরে গল্পের গন্ধ মাখা,
সিনেমার লালিত্যে ভরা, বাস্তবের বন্ধুরতার ভয়ে সাজানো,
একটি নতুন গল্পের পরিকল্পনা।

তারপর নাগরদোলা, ওপরে নিচে, ডাইনে বাঁয়ে,
ভয়ে আনন্দে ক্লেশে আশায় শ্রিহরনে বিশ্বাসে,
টগবগ করা সঙ্কল্পে,
বাতাসে বাতাসে, মাটিতে জলে এক হয়ে যাওয়ার গল্প।

চিঠি এলো, রঙ্গিন খামে মোড়া,
ঘামের, স্পর্শের, শরীরের, স্নিগ্ধতার গন্ধ মাখা কালিতে লেখা,
বাকিটা ব্যাক্তিগত।

Tuesday, December 6, 2016

দুঃবাস্তব

ঘুম থেকে উঠে চোখ মেলতেই বেহুঁশ হওয়ার জোগাড়। ঘরের দেওয়াল, দরজা জানালা, টেবিল চেয়ার সব দোমড়ানো। আমার ঘরের আলমারি থেকে কে যেন আমার বই খাতা, জামাকাপড় গুলো দুমড়ে মুচড়ে শূন্যে ছুঁড়ে দিয়েছে। কৌতূহলের বশে অবতল দেওয়ালের বুকে হাত বোলাতে গিয়ে বুকটা ছ্যাঁক কোরে উঠলো। প্রাচীর ভেদ করে গেল আমার হাতের আঙুল। হঠাৎ বুকের মধ্যে একটা তীব্র ডানা ঝাপটানো অনুভব করতে শুরু করলাম। বুকের ভেতর থেকে শ্বাসনালী বেয়ে তীব্র একটা ঝড় যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে, শরীরের মধ্যে বনবন করে ছুটে বেড়াচ্ছে। চোখে মুখে ঘাম জমতে শুরু করলো। ঘামের ফোঁটাগুলিও যেন কিসব আকার ধারণ করছে। দুমড়ে যাওয়া আয়নার পাশে দাড়াতেই ভয়ে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। কি বীভৎস আমাদের দুমড়ে যাওয়া রূপ। আমার দেওয়ালে, আমার প্রিয় লাস্যময়ী অভিনেত্রীটিও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি কি তবে স্বপ্ন দেখছি, নাকি ঘুমের ঘোর এখনো কাটেনি! ডান হাতটা তুলে চোখ কচলাতে গিয়ে প্রায় দম বন্ধ হয়ে এলো, হাত তন্নতন্ন করে হাওয়ায় খেলে বেড়াচ্ছে, কোথায় চোখ, কোথায় মুখের অস্তিত্ব, কোথায় আমি! বেশ কিছুক্ষন চুপচাপ চোখ বন্ধ কোরে বোসে থাকলাম। একটা দুস্বপ্ন শেষ হওয়ার অপেক্ষায়। কিন্তু আবার চোখ মেলতেই, দুমড়ে মুচড়ে যাওয়া সব চোখের সামনে। একটু সাহসে ভর করে, জানালা দিয়ে উঁকি মারলাম। চারিদিকে যা দেখলাম তা গোলোকধাঁদার চেয়ে কম কিছু না। মানুষ, গাছপালা, রাস্তাঘাট, গাড়িঘোড়া, পশুপাখি, দোকান বাজার, সব যেন একটা প্যাঁচানো পাইপেরর মধ্যে ঢুকিয়ে গিঁটের পর গিঁট লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র। তারই মাঝে কোন একটা জায়গায় আমি আমার ঘরের মধ্যে আবদ্ধ। কিছুই হাত বাড়িয়ে ছোঁওয়া যায় না। কোথাও পা ফেলে ভর দেওয়া যায় না, যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছি, অস্তিত্বহীন, অবয়বহীন।

 আমাদের বাস্তবটা কি এর চেয়ে আলাদা কিছু? কার্ভড স্পেস টাইম এর বাস্তবতা চাক্ষুষ করতে একবার চোখ মেলে দেখুন চারিদিকে। রাষ্ট্র, সমাজ, পাড়ার গলির আনাচে কানাচে, মাঠের ধারের গাছের নিচে, রাস্তায় দোকানে বাজারে সর্বত্র সবকিছুই দোমড়ানো নয় কি! আমাদের সোজাসাপটা চেহারার পেছনের ভাবনাগুলো কি এতোটাই সহজ সরল! একটা সহজ কথা বলার আগে তাকে দুমড়ে মুচড়ে নেওয়ার স্বভাব আমাদের সবার। শিক্ষা দীক্ষা, সমাজ সচেতনতা নির্বিশেষে আমরা সবাই ওই প্যাঁচানো পাইপের এক একটা চিত্রপট। ঘোরানো প্যাঁচানো গোলকধাঁধায় আমরা জর্জরিত। এক একটা সোজা চলে যাওয়া রাস্তা, এক একটা ওপরে উঠে যাওয়া সিঁড়ি, এক একটা চোখ ধাঁধানো ইমারৎ, এক একটা জমজমাট বাজার পাটের পেছনে লুকিয়ে আছে কতশত তালগোল পাকানো ইতিবৃত্ত। একবার নিজেকে প্রশ্ন কোরেই দেখুন না, একদিন সকালে ঘুম ভেঙে আয়নার সামনে দাঁড়াতে, নিজের বাহ্যিক অবয়বের পরিবর্তে নিজের আভ্যন্তরীণ চেহারা দেখতে পেলে ভির্মি খেতেন না তো!!!

Thursday, July 28, 2016

স্রোত

ডানপিটেদের রাত কাবারি, রক্তজমা ইস্তেহার,
রাত বিরেতে ডাক প্রহরীর, 'জাগতে রো- খবরদার'।
যে যার মত গড়ছে খবর, রাখছে ল্যাজা ছাঁটছে আঁশ,
নিদ্রা চোখে জাগছে মানুষ, উড়ছে ধুলো, রুদ্ধশ্বাস।

ঘড়ির কপাল ছুঁয়ে গেছে গুলি, কাঁটা ঘুরলেই রণ,
স্নাতক পথে বিছানায় শব, সবাই আপনজন।
দোদুল্যমান চিড় ধরা শির, যন্ত্রণা নিয়ে বাড়ছে,
বাঁচার আশায় দিন দিন সব, মরছে অথবা মারছে।

খাওয়া দাওয়া চুকে গেছে, পোড়ে আছে ডাল-ভাত মাখা,
হাওয়া দিলে তবু ওড়ে আকাশেতে ছিন্ন পতাকা।
বাঁধ ভেঙে ধ্বস নামে, পড়ে থাকে ঝুরঝুরে বালি,
আকাশেতে তবু ওঠে সুন্দর চাঁদ একফালি।

Thursday, July 7, 2016

এক নিমেষে

দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
দুপশলা বৃষ্টি ছিল নাগাল হাতে,
দুপলকে ভাব বিনিময় মুচকি হাসি, 
মাত্র দু দিন সময় ছিল তোমার সাথে।

এক নিমেষে লাগলো জোড়া দুই পৃথিবী,
এক নিমেষে হাসলো পাখি আকাশ জুড়ে,
শান্ত চোখে পড়লো ধরা ক্লান্তি রেখা,
একনিমেষে গাইল দুজন একক সুরে।

স্নিগ্ধ ছিল তোমার হাসি, আমার বুকে,
মিলিয়ে গেল ক্লান্ত শরীর, হাসির রেশে,
দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
একটি ভুবন উঠলো গড়ে, এক নিমেষে। 

Sunday, July 3, 2016

স্কেপ্টিকাল

অনতিদূরে সাইরেন ডাকা শহর, কবরে ঢাকা,
বেওয়ারিশ আবছায়াগুলো কালো, আঁধারের পতাকা,
মুঠো মুঠো ব্যাথা গিলে চলেছে, সারি সারি ঘর বাড়ি,
রকমারি সাজে ঢাকা পড়ে যায় ভাঙাচোরা সংসারি।
গিলছে মাদক, গিলছে বায়ু, স্পন্দনহীন স্নায়ু,
তার কেটে গেছে বহুদিন হোলো, থমকে আছে আয়ু,
রেলরোড ধোরে সোজা চোলে গেলে, শহরের দেখা মেলে,
কয়েদ রয়েছে মুমূর্ষু শহর, জাহান্নমের সেলে।
ওক্টোপাসের অন্ডকোষে পেন্নাম ঠুকে রোজ,
তেল বেগুনের করমর্দনে সুস্বাদু ভূরিভোজ,
স্কেপ্টিকাল, তবু হাতে হাতে, বাহবার ছড়াছড়ি,
রাতের চাদরে, শহরের কোলে, কিন্নর কিন্নরী।
পোড় খাওয়া ঝুরঝুরে, শহরের, রাস্তার জঞ্জালে,
ঠুনকো মৃতপ্রায়, নামানুষের, আত্মারা হাঁটেচলে,
রঙ মেখে সং সেজে, রাশভারী, কংকাল দেয় ঘুম,
তোমার শহর, আমার শহর, পাশাপাশি, শব, নিঝুম।

Saturday, July 2, 2016

বড়লাট

টুপটুপ ঝোরে পড়া সোনালি বৃষ্টির গুঁড়ো,
গায়ে মাখা, মন মাথা ভিজিয়ে নেওয়ার তাড়াহুড়ো,
ফুরফুরে বয়ে চলা ঠান্ডা দখিনের হাওয়া, 
তারই মাঝে লুকিয়ে, হারানো, কত চাওয়া পাওয়া,
দুধসাদা বরফের টুকরো, হাতে নিয়ে খেলা,
সময়ের তাড়া ভুলে, স্নান খাওয়া, রোজ অবহেলা,
তুমি আছো, আমি আছি, আছে কত বৃষ্টির ছাট,
বৃষ্টি ভিজে আজ তুমি লন্ডন, আমি বড়লাট।